ঢাবির আইবিএ ও বেক্সিমকোর যৌথ উদ্যোগে দেশের প্রথম ফার্মাসিউটিক্যাল এক্সিকিউটিভ প্রশিক্ষণ কর্মসূচি চালু


 

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের যৌথ উদ্যোগে দেশের প্রথম এক্সিকিউটিভ প্রশিক্ষণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।


শনিবার প্রথম ব্যাচের উদ্বোধনের মধ্য দিয়ে ছয় মাস মেয়াদী ‘অ্যাডভান্সড সার্টিফিকেট ইন ফার্মাসিউটিক্যাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এসিপিবিএ)’ শীর্ষক এই কর্মসূচি শুরু হয়। একাডেমিক উৎকর্ষ এবং ফার্মাসিউটিক্যাল খাতের বাস্তব চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যেই প্রোগ্রামটি বিশেষভাবে নকশা করা হয়েছে।


জানা গেছে, বাংলাদেশে বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা বিষয়ক কোর্স থাকলেও, এই প্রথম কোনো পূর্ণাঙ্গ কর্মসূচি চালু হলো যা সরাসরি ফার্মাসিউটিক্যাল খাতের বাণিজ্যিক, নিয়ন্ত্রক, উৎপাদন এবং উদ্ভাবনসংক্রান্ত প্রয়োজনকে গুরুত্ব দেয়।


আইবিএর অভিজ্ঞ শিক্ষক এবং শীর্ষস্থানীয় শিল্প বিশেষজ্ঞদের সমন্বয়ে এর পাঠ্যক্রম তৈরি করা হয়েছে। পাঠদান পদ্ধতিতে ক্লাসরুম লেকচার, নিবিড় কেস স্টাডি, বিজনেস সিমুলেশন এবং বাস্তবমুখী প্রজেক্ট অন্তর্ভুক্ত রয়েছে, যা অংশগ্রহণকারীদের কর্মক্ষেত্রে তাৎক্ষণিক জ্ঞান প্রয়োগে সহায়তা করবে। কোর্স সফলভাবে সম্পন্নকারীদের আইবিএর পক্ষ থেকে বিশেষ সনদ প্রদান করা হবে।


প্রথম ব্যাচে বেক্সিমকো ফার্মা, সাইনোভিয়া ফার্মা এবং নুভিস্তা ফার্মার মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের ৪৭ জন সম্ভাবনাময় কর্মকর্তা অংশগ্রহণ করছেন।


উদ্বোধনী অনুষ্ঠানে আইবিএর পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজাসহ বিশিষ্ট শিক্ষাবিদ ও শিল্প কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, এই যৌথ উদ্যোগ দেশের করপোরেট এক্সিকিউটিভ শিক্ষায় নতুন মানদণ্ড স্থাপন করবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সিওও রাব্বুর রেজা একটি বিশেষ মাস্টারক্লাস পরিচালনা করেন।


Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান