ঢাবির আইবিএতে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল আয়োজিত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ) ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং শহীদদের আত্মত্যাগ স্মরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ড. আবদুস সালাম। মূল আলোচক ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মো. লুৎফর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইবিএর পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন জুলাই গণ-অভ্যুত্থান দ্বিতীয় বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মহিউদ্দিন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন আইবিএর বিবিএ ৩২তম ব্যাচের শিক্ষার্থী রুবায়েত ফেরদৌস রনিল।

আলোচনা পর্বে বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার, মানবিকতা ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় এ ঘটনার শিক্ষা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন। তারা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, জাতীয় স্বার্থে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ঐক্য বজায় রেখে দেশ গঠনে তরুণদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানের শেষাংশে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দেশের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান