স্কুলে ছেলেকে শাসন করায় দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন বাবা
শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষকরা শাসন করবেন এটাই স্বাভাবিক। তবে এক ছাত্রকে শাসন করার অভিযোগে তার বাবা স্কুলে এসে দুই শিক্ষককে কোমরের বেল্ট খুলে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁর গোপালনগর হরিপদ ইনস্টিটিউশনে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে স্কুল সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ওই স্কুলে একাদশ শ্রেণির রেজিস্ট্রেশনের কাজ চলছিল। এ সময় শ্রেণিকক্ষে কয়েকজন শিক্ষার্থী চিৎকার–চেঁচামেচি ও অশোভন আচরণ করছিল বলে অভিযোগ। তুমুল হট্টগোলের মধ্যেই বাংলা বিভাগের শিক্ষক অরুণ দাস সেখানে বসে রেজিস্ট্রেশনের গুরুত্বপূর্ণ কাজ করছিলেন।
অরুণ দাসের ভাষ্য, শিক্ষার্থীদের অশোভন আচরণের কারণে তিনি দুয়েকজনকে শাসন করেন। এরপরই এক শিক্ষার্থী তার বাবাকে ফোন করে স্কুলে ডেকে আনে। অভিযোগ রয়েছে, ওই শিক্ষার্থীর বাবা প্রধান শিক্ষকের কক্ষে হঠাৎ ঢুকে পড়েন। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি কোমর থেকে বেল্ট খুলে শিক্ষক অরুণ দাসকে মারধর শুরু করেন। তাকে ঠেকাতে গেলে প্রধান শিক্ষকও বেল্টের আঘাতে আহত হন।