দীর্ঘ ১০ বছরের প্রেমের পর অবশেষে বিয়ের বন্ধনে রোনালদো-জর্জিনা
দীর্ঘ ১০ বছরের প্রেমের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের সঙ্গী মডেল-ইনফ্লুয়েন্সার জর্জিনা রদ্রিগেজ। পর্তুগালে এক ঘরোয়া নাগরিক অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেছেন এই তারকা জুটি।
রোনালদো নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের ইঙ্গিত দিয়ে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দুটি হাতের ওপর বিয়ের আংটি দেখা যায়। ধারণা করা হচ্ছে, একটি হাত রোনালদোর এবং অন্যটি তার স্ত্রী জর্জিনার।
পর্তুগিজ সংবাদমাধ্যমগুলো বিয়েটিকে ‘বছরের সেরা বিয়ে’ হিসেবে উল্লেখ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ১১ আগস্ট লিসবনের কাছের উপকূলীয় শহর ক্যাসকাইসে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন রোনালদো ও জর্জিনা। অনুষ্ঠানে তাঁদের পাঁচ সন্তানও উপস্থিত ছিল বলে জানা গেছে।ইনস্টাগ্রামে ছবি প্রকাশের মাত্র ৩০ মিনিটের মধ্যেই পোস্টটিতে ৩০ লাখের বেশি লাইক পড়ে। রোনালদো ও জর্জিনার সম্পর্কের শুরু ১০ বছর আগে। তখন মাদ্রিদের একটি গুচি শোরুমে কাজ করতেন জর্জিনা। সে সময় রিয়াল মাদ্রিদের হয়ে খেলতেন রোনালদো। সেখানেই তাদের প্রথম দেখা।
গত বছরের ১১ আগস্ট নিজেদের বাগদানের খবর প্রকাশ্যে আনেন তারা। জর্জিনা নিজের ইনস্টাগ্রামে বিশাল একটি হীরার আংটির ছবি পোস্ট করে স্প্যানিশ ভাষায় লিখেছিলেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনে এবং আমার সব জীবনেই।’