গাঁজা খেয়ে বিমান চালালেন এয়ার ইন্ডিয়ার দুই পাইলট
বিতর্ক যেন পিছু ছাড়ছে না এয়ার ইন্ডিয়ার। এক পাইলটের মাদক সেবনের অভিযোগের পর এবার প্রাথমিক মাদক পরীক্ষায় আরও দুই পাইলটের ফল এসেছে পজিটিভ। চূড়ান্ত পরীক্ষার রিপোর্ট এখনো হাতে আসেনি। এরই মধ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের বিমান চালানোর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ৪ আগস্ট ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে। দিল্লিতে অবতরণের কিছুক্ষণ আগে বিমানটি হঠাৎ তীব্র ঝাঁকুনি দিয়ে প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায়। এতে ১১ জন যাত্রী ও চারজন বিমানকর্মী আহত হন। তবে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়, আহতদের কারও গুরুতর আঘাত লাগেনি।
ঘটনার তদন্ত শুরু হওয়ার পরই সামনে আসে পাইলটদের মাদক পরীক্ষার বিষয়টি। প্রাথমিক পরীক্ষায় এক পাইলটের শরীরে সাইকোঅ্যাক্টিভ পদার্থের উপস্থিতি ধরা পড়ে। পরে নিশ্চিত হওয়ার জন্য দ্বিতীয় দফায় পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে। পরীক্ষায় ওই পাইলটের শরীরে গাঁজা সেবনের প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি ঘুমের ওষুধের উপস্থিতিও ধরা পড়ে।