এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা
রাজশাহীর বাগমারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে কারিনা পাল (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
সোমবার এ ঘটনা ঘটে। কারিনা পাল উপজেলার গনিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের কাঞ্চন কুমার পালের মেয়ে। সে চাঁন্দেরআড়া উচ্চবিদ্যালয় থেকে চলতি বছর বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কারিনা জানতে পারে, রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ে তার ফলাফল খারাপ হয়েছে। এ খবর জানার পর সে মানসিকভাবে ভেঙে পড়ে। একপর্যায়ে মায়ের সঙ্গে কথা বলার পর ঘরে প্রবেশ করে এবং সিলিং ফ্যানের সঙ্গে মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে ফাঁস নেয়। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।