আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি মো. আমির হামজা বলেছেন, আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদর আসনের জন্য তিনিই ‘প্রধানমন্ত্রী’। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজের সংসদীয় এলাকার মানুষের উদ্দেশে দেওয়া বক্তব্যে এমন মন্তব্য করতে দেখা যায় তাকে।
ভাইরাল হওয়া ভিডিওতে সংসদ সদস্য আমির হামজাকে তার নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ড ও বরাদ্দ নিয়ে কথা বলতে শোনা যায়।
তিনি বলেন, “আগামী পাঁচ বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য আমিই প্রধানমন্ত্রী। বাজেটগুলো সরকার দেবে, আর সেটা আমির হামজার হাতে দেবে। এটা কি কোনো ফেরেশতার হাতে দেবে?”
এ সময় উপস্থিত জনসাধারণের উদ্দেশে তিনি বলেন, উন্নয়নকাজ নিয়ে বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর কৃতিত্ব নেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। তার ভাষ্য, সরকার যে অর্থ বরাদ্দ দেয়, তা কোনো ব্যক্তির নিজস্ব অর্থ নয়।
আমির হামজা আরও বলেন, “মানুষ নাচে, যে উন্নয়নকাজ করে দিয়েছে। সে কি তার বাবার টাকা নিয়ে এসে করবে? এই পাগলামিগুলো আর বিশ্বাস করা যাবে না।”এদিকে কুষ্টিয়া-৩ আসনের উন্নয়ন কর্মকাণ্ডের অংশীদারিত্ব নিয়ে সংসদ সদস্য আমির হামজা এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের মধ্যে কিছুদিন ধরে টানাপোড়েন চলছে বলে স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে।