ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্ত ২০১৯ সালের ডাকসুর জিএস পদে রাশেদ খাঁন ঘোষিত

ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্ত: ২০১৯ সালের ডাকসুর জিএস পদে রাশেদ খাঁন ঘোষিত
ঢাকা: ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দীর্ঘ সাত বছর পাঁচ মাস পর সাধারণ সম্পাদক (জিএস) পদে বড় ধরনের পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর এমফিল প্রোগ্রামের ছাত্রত্ব অবৈধ প্রমাণিত হওয়ায় তার জিএস পদ বাতিল করা হয়েছে। এর প্রেক্ষিতে ওই নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া ছাত্র অধিকার পরিষদের তৎকালীন নেতা ও বর্তমান বিএনপি নেতা মো. রাশেদ খাঁনকে আনুষ্ঠানিকভাবে ডাকসুর নতুন জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
৩১ আগস্ট ২০২৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের যৌথ সভায় এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, ভর্তি প্রক্রিয়ায় অনিয়ম এবং বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি ও সিন্ডিকেটের পাঠানো শোকজ নোটিশের সন্তোষজনক জবাব দিতে না পারায় গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল করে একাডেমিক কাউন্সিল। ছাত্রত্ব না থাকায় ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী তাঁর জিএস পদটিও স্বয়ংক্রিয়ভাবে শূন্য ঘোষণা করা হয়।
পরবর্তীতে ওই নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ৬ হাজার ৬৩ ভোট পাওয়া মো. রাশেদ খাঁনকে ওই পদের জন্য বৈধ ও বিজয়ী হিসেবে স্বীকৃতি দেয় সিন্ডিকেট। এই সিদ্ধান্তের ফলে ২০১৯ সালের ডাকসু নির্বাচন পর্ষদে তৎকালীন ভিপি নুরুল হক নুরের পাশাপাশি জিএস পদে রাশেদ খাঁনের নাম অন্তর্ভুক্ত হয়ে পর্ষদটি পূর্ণতা পেল।
এদিকে সিন্ডিকেটের এই সিদ্ধান্ত প্রকাশের পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রতিক্রিয়া জানিয়েছেন রাশেদ খাঁন। তিনি লিখেছেন, "আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।" ফেসবুক স্ট্যাটাসে তিনি এটিকে দীর্ঘদিনের আইনি ও নৈতিক লড়াইয়ের জয় হিসেবে উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানান।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান