টাকা দিলেই মিলছে ‘কল ডিটেল রেকর্ড
সাধারণ নাগরিকদের ব্যক্তিগত তথ্য কেনাবেচা ঘিরে অনলাইনে একটি বাজার গড়ে উঠেছে। ফেসবুকে বিজ্ঞাপন, ওয়েবসাইট, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপের মাধ্যমে এসব তথ্য বিক্রি হচ্ছে। টাকা দিলেই পাওয়া যাচ্ছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), কল ডিটেলস রেকর্ড (সিডিআর), মোবাইল ফোনের অবস্থান, এসএমএসের তালিকা, টিআইএন, পাসপোর্টের তথ্য ও মোবাইল আর্থিক সেবার হিসাব বিবরণী।
তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিসল্যাবের অনুসন্ধানে ব্যক্তিগত তথ্য বিক্রি করা ১০টি সক্রিয় ওয়েবসাইটের সন্ধান পাওয়া গেছে। এ ছাড়া শুধু ফেসবুকেই এক মাসে ৬০০টির বেশি বিজ্ঞাপন পাওয়া গেছে। গত জুনে ভোটার তালিকা বিক্রির বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে একটি ফেসবুক পোস্টের মন্তব্যে ব্যক্তিগত তথ্য বিক্রির বিজ্ঞাপন পায় ডিসমিসল্যাব। বিজ্ঞাপনে থাকা ‘সাইন কপি’ শব্দটি দিয়ে সার্চ করে ৬৭৫টি পোস্ট পাওয়া যায়। ১৫ জুন থেকে ১৫ জুলাইয়ের মধ্যে প্রকাশিত এসব পোস্টের ৬০৫টিতে ব্যক্তিগত তথ্য বিক্রির প্রস্তাব ছিল। তেমনই একটি পোস্টের সূত্র ধরে ‘ভোটার লিস্ট’ নামের একটি টেলিগ্রাম গ্রুপের সন্ধান পায় ডিসমিসল্যাব। সেখানে এনআইডি বিক্রির বিজ্ঞাপন দেখে নিজেরাই ক্রেতা পরিচয়ে যোগাযোগ করেন ডিসমিসল্যাবের গবেষকরা।