আওয়ামী লীগের ভারপ্রাপ্ত নেতৃত্বের দায়িত্বে শেখ সেলিম: 'দ্য ওয়াল'-কে শেখ হাসিনা
ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-এর এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেওয়া এক দীর্ঘ এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব, নিজের নিরাপত্তা এবং দেশে ফেরা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি স্পষ্ট করেন, বর্তমানে শেখ ফজলুল করিম সেলিম দলের সবচেয়ে জ্যেষ্ঠ (সিনিয়র মোস্ট) প্রেসিডিয়াম সদস্য হওয়ায় তাঁর অনুপস্থিতিতে শেখ সেলিম-ই দলের সভাপতির প্রয়োজনীয় দায়িত্ব পালন করবেন। এছাড়া ছোটবোন শেখ রেহানা সরাসরি রাজনীতির সাথে যুক্ত নন বলেও উল্লেখ করেন তিনি। আগামী ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছা পুনর্ব্যক্ত করার পাশাপাশি নিজের জীবনের মারাত্মক ঝুঁকির কথা তুলে ধরে শেখ হাসিনা আশঙ্কা প্রকাশ করেন, দেশে ফিরলে বিমানবন্দরেই তাঁকে হত্যা করা হতে পারে। নির্দেশ দিয়ে কাউকে বিপদে ফেলতে চান না বলেই এই মুহূর্তে পরিস্থিতি বিবেচনা করছেন বলে জানান তিনি।