অবিলম্বে ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি অপসারণ চাইল ছাত্রদল ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ঐতিহাসিক সংগ্রহশালা থেকে পাকিস্তান আমলের তৎকালীন গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (১৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জিন্নাহর ছবি প্রদর্শনকে বাংলা ভাষার ইতিহাস, স্বাধিকার আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতি সরাসরি অবমাননা হিসেবে উল্লেখ করে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথ বিবৃতিতে জানান, ১৯৪৮ সালে উর্দুকে একক রাষ্ট্রভাষা করার জিন্নাহর ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই প্রথম সোচ্চার হয়েছিল; ফলে সেই বাংলা ভাষাবিরোধী নেতার ছবি ডাকসুর সংগ্রহশালায় স্থান পাওয়া বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের পরিপন্থী। ডাকসুকে নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর আদর্শ চর্চার হাতিয়ার না বানিয়ে বিশ্ববিদ্যালয়ের মুক্তিকামী চেতনা ও ঐতিহাসিক মর্যাদা রক্ষায় অবিলম্বে ছবি অপসারণ করে কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে ছাত্রদল।