শিশুশ্রম রোধে ঘানায় প্রায় ১ কোটি ডলার ব্যয়ে একটি গ্রাম গড়ে তুলছেন মিস্টারবিস্ট।
পশ্চিম আফ্রিকার দেশ ঘানার কোকো খামারগুলোতে শিশুশ্রম রোধ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের লক্ষ্যে প্রায় ১ কোটি মার্কিন ডলার ব্যয়ে ‘আবনা ডাকওয়া’ (Abna Dakwa) নামের একটি সম্পূর্ণ আত্মনির্ভরশীল গ্রাম নির্মাণ করেছেন জনপ্রিয় ইউটিউবার জিম ডোনাল্ডসন (মিস্টারবিস্ট)। এক বছরের পরিকল্পনা ও আট মাসের ভৌত নির্মাণ কাজ শেষে গড়ে তোলা এই বিশেষ জনপদে রয়েছে ৩০০-এর বেশি শিশুর পড়ার উপযোগী আধুনিক স্কুল, বিনামূল্যে শিক্ষকদের আবাসন, চিকিৎসা ক্লিনিক, সৌরবিদ্যুৎ কেন্দ্র, বিশুদ্ধ পানির টাওয়ার এবং স্থানীয় বাজার। এছাড়া শিশুদের পড়ালেখায় ধরে রাখতে টানা পাঁচ বছর বিনামূল্যে প্রতিদিনের খাবার নিশ্চিত করার সংস্থান রাখা হয়েছে। আন্তর্জাতিক বিশ্বকে চকলেট শিল্পে শিশুশ্রম বন্ধের আহ্বান জানিয়ে গড়ে তোলা মিস্টারবিস্টের এই অনন্য মানবিক উদ্যোগটি এখন বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে।