জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধে সাদ্দাম ও ইনানের মৃত্যুদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত পাঁচ নেতার ৫০ শতাংশ সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের মাঝে বণ্টনের নির্দেশ দিয়েছেন আদালত। সাধারণ নাগরিকরা এই রায়কে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার রক্তক্ষয়ী আত্মত্যাগের বিপরীতে ন্যায়বিচার প্রতিষ্ঠার এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখছেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর ছয় আসামি হলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। আন্দোলন দমনে প্ররোচনা, সহিংসতায় উস্কানি ও সরাসরি নির্দেশদাতার ভূমিকা আদালতে প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনাল সর্বোচ্চ শাস্তির এই রায় দেন।