ম্যাডামের মেসেজে হা হা রিঅ্যাক্ট'-সনদ আটকে দিল বিশ্ববিদ্যালয় ছাত্রের
শিক্ষকের মেসেজে ‘হা হা রিঅ্যাক্ট’ দেওয়াকে অশোভন আচরণ হিসেবে উল্লেখ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থীর সার্টিফিকেট আটকে দেওয়ার অভিযোগ উঠেছে।ভুক্তভোগী শিক্ষার্থী মুজিবুর রহমান মার্কেটিং বিভাগের এমবিএ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার অভিযোগ, ইন্টার্নশিপের ফলাফল নিয়ে শিক্ষককে ধন্যবাদ জানিয়ে মেসেজ দেওয়ার পর শিক্ষক পাল্টা মেসেজ দিলে তাতে তিনি ‘হা হা রিঅ্যাক্ট’ দেন। এ ঘটনাকে অশোভন আচরণ হিসেবে উল্লেখ করে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, গত ২৫ আগস্ট মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মেহের নিগারের স্বাক্ষরিত একটি অভিযোগ রেজিস্ট্রার দপ্তরে জমা দেওয়া হয়। অভিযোগপত্রে বলা হয়, বিভাগের সহযোগী অধ্যাপক মাশিয়াত যাহিন শিক্ষার্থী মুজিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগটি বিভাগীয় প্রধানকে জানান। পরে বিষয়টি অ্যাকাডেমিক সভায় উত্থাপন করা হয়। সভায় উপস্থিত শিক্ষকদের সঙ্গে আলোচনা শেষে বিষয়টি রেজিস্ট্রারের কাছে জানানো হয়েছে।‘হা হা রিঅ্যাক্ট’ দেওয়াকে অশোভন আচরণ হিসেবে গণ্য করা যায় কি না— এমন প্রশ্ন তুলে মুজিবুর রহমান বলেন, আমি একটি মেসেজে ধন্যবাদ দিয়েছি, উনি রিপ্লাই দিয়েছেন। সেখানে আমি ‘হা হা রিঅ্যাক্ট’ দিয়েছি। এখন একটি ‘হা হা রিঅ্যাক্ট’-এর জন্য আমার সার্টিফিকেট আটকানো যায় কি না, সেটাই আমি জানতে চাই। আমার অন্য কাজ আছে। বিশ্ববিদ্যালয়ে আসার পর আমাকে জানানো হয়েছে যে আমার সার্টিফিকেট তোলা যাবে না। আমাকে ইন্টার্নশিপে নম্বর কম দিয়েছেন এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। এটা শিক্ষকের জাজমেন্ট।
এ বিষয়ে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মেহের নিগার এশিয়া পোস্টকে বলেন, ওনার বিরুদ্ধে অভিযোগ হলো, কোর্স টিচারের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। কী ঘটেছিল, সেটা ওনার কোর্স টিচারই ভালো বলতে পারবেন। রেজিস্ট্রার দপ্তরে অভিযোগ দেওয়া হয়েছে। সার্টিফিকেট আটকানো এ বিষয়ে আমি এখনও জানি না। প্রশাসন যে ব্যবস্থা নেওয়ার, তারা সেটা নেবে।