কক্সবাজারে বসে চীনা-তাইওয়ানিজ চক্রের সাইবার প্রতারণার ফাঁদ
বিশ্বমানের পর্যটনকেন্দ্র কক্সবাজারের অদূরে হিমছড়ি ও ইনানীর রিসোর্টগুলোতে আস্তানা গেড়ে আন্তর্জাতিক অনলাইন আর্থিক প্রতারণা ও জুয়ার বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছিল একদল বিদেশী নাগরিক। পর্যটকের ছদ্মবেশে রিসোর্ট ভাড়া নিয়ে সেখানে তৈরি করা হয়েছিল অন্তত ছয়টি শব্দরোধী কক্ষ ও আধুনিক প্রযুক্তির বিশাল একটি 'সাইবার ল্যাব'। এসব কক্ষে ১,৯৩৮টি আইফোন, বিপুল সংখ্যক কম্পিউটারের মনিটর ও সরঞ্জাম ব্যবহার করে ভুয়া ট্রেডিং প্ল্যাটফর্মের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হতো।
আইনশৃঙ্খলা বাহিনীর তিন দফা অভিযানে কলাতলী এলাকার একাধিক হোটেল থেকে ৫ জন চীনা ও ১ জন তাইওয়ানিজ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত সরঞ্জামের পাশাপাশি আন্তর্জাতিকভাবে সাইবার ছদ্মবেশ ধারণে ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, চক্রটির সঙ্গে প্রায় ২৫০ থেকে ৩০০ জন বিদেশী নাগরিক জড়িত, যাদের মধ্যে অনেকেই অভিযানের পর থেকে দেশের বিভিন্ন স্থানে গা ঢাকা দিয়েছে।