জামানত ছাড়া তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক
উপজেলা পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জামানত ছাড়াই সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। 'উদ্যোগ—উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি'-র আওতায় নির্বাচিত প্রত্যেক উদ্যোক্তাকে এই সুবিধা দেওয়া হবে। মোট সহায়তার মধ্যে ১০ লাখ টাকা ৪% থেকে ৫% সুদের ব্যাংক ঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে পাবেন উদ্যোক্তারা।
আবেদনের শেষ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে এবং পূর্ব অভিজ্ঞতা ছাড়াই বাস্তবসম্মত ব্যবসায়িক ধারণা দিয়ে আবেদন করা যাবে। প্রথম ধাপে দেশের ৮টি বিভাগের ৮টি জেলার ৬৪টি উপজেলায় ৬৪০ জন তরুণকে নিয়ে পাইলট প্রকল্পটি চালু হবে, যা পরবর্তীতে দেশব্যাপী ৫০০টি উপজেলায় সম্প্রসারিত করা হবে। আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিস্তারিত নীতিমালার সার্কুলার প্রকাশের পর এক মাস বিনামূল্যে আবেদন জমা দেওয়া যাবে।