ঢাবির আইবিএতে আয়োজিত এক্সিকিউটিভ এমবিএ ৪৪তম ব্যাচের ওরিয়েন্টেশন
নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) এক্সিকিউটিভ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রামের ৪৪তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় আইবিএর ৪১২ নম্বর কক্ষে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন আইবিএর পরিচালক অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহ। স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের কো-অর্ডিনেটর অধ্যাপক মো. ইফতেখারুল আমিন।
এবারের ৪৪তম ব্যাচে ভর্তির জন্য ৩৮৯ জন আবেদন করেন। লিখিত পরীক্ষা, ভাইভাসহ নির্ধারিত ভর্তি প্রক্রিয়া শেষে ৩৯ জন শিক্ষার্থী চূড়ান্তভাবে ভর্তির সুযোগ পেয়েছেন।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীরা নিজেদের পরিচয় দেন। পরে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের ৪৩তম ব্যাচের একজন শিক্ষার্থী তাঁর অভিজ্ঞতা তুলে ধরেন।
আইবিএর রিসার্চ প্রোগ্রামের কো-অর্ডিনেটর অধ্যাপক মো. মোহিউদ্দিন শিক্ষার্থীদের প্রোগ্রামের নিয়ম ও বিধিবিধান সম্পর্কে অবহিত করেন। পরে অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন।
সভাপতির বক্তব্য শেষে ৪৪তম ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে গ্রুপ ফটোসেশন অনুষ্ঠিত হয়। পরে তাঁদের জন্য আপ্যায়নের আয়োজন করা হয়।
ওরিয়েন্টেশন শেষে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ৪৪তম ব্যাচের নিয়মিত ক্লাস শুরু হয়।
