আমাজনের এমন এক আদিবাসী জনগোষ্ঠী, যারা বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলে, তারাই এবার খাবার চাইতে বন থেকে বেরিয়ে এসেছে।
আমাজনের এমন এক আদিবাসী জনগোষ্ঠী, যারা বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলে, তারাই এবার খাবার চাইতে বন থেকে বেরিয়ে এসেছে। ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় মারানহাও অঙ্গরাজ্যের আরারিবোইয়া আদিবাসী ভূখণ্ডে ১৬ নভেম্বর প্রায় ২০ জন আওয়া আদিবাসীর সঙ্গে এই বিরল সাক্ষাৎ ঘটে। সাম্প্রতিক ইতিহাসে, বিশেষ করে গত কয়েক দশকে, আওয়া জনগোষ্ঠীর এমন যোগাযোগের নজির পাওয়া যায়নি।
যুক্তরাজ্যভিত্তিক আদিবাসী অধিকার সংস্থা সারভাইভাল ইন্টারন্যাশনাল ১৭ নভেম্বর এ ঘটনার ছবি প্রকাশ করে। তাদের ভাষ্য অনুযায়ী, একটি সরকারি দলের সঙ্গে সাক্ষাতের সময় আওয়া সদস্যরা খাবার চেয়েছিলেন। আওয়া জনগোষ্ঠী টুপি গুয়ারানি ভাষাভাষী একটি আদিবাসী গোষ্ঠী, যাদের একটি অংশ এখনো স্বেচ্ছায় বিচ্ছিন্ন জীবনযাপন করে। সংস্থাটির ধারণা, নিজেদের এলাকায় বাইরের মানুষের অনুপ্রবেশ বাড়ার কারণেই তারা খাবারের সংকটে পড়তে পারেন।
সারভাইভাল ইন্টারন্যাশনালের হিসাবে, দক্ষিণ আমেরিকা, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১০টি দেশে বাইরের জগতের সঙ্গে যোগাযোগহীন ১৯৬টি আদিবাসী গোষ্ঠী রয়েছে। এর প্রায় ৯৫ শতাংশই আমাজন অঞ্চলে, যার মধ্যে ১২৪টি শুধু ব্রাজিলেই। অবৈধ কাঠুরে, শিকারি, খনি শ্রমিক ও গবাদি পশুর খামারিদের অনুপ্রবেশ যদি সত্যিই তাদের খাদ্য ও নিরাপত্তা কেড়ে নেয়, তাহলে এই সাক্ষাৎ শুধু একটি বিরল ছবি নয়, বরং গভীর সংকটের সতর্কবার্তা।